গড়িয়া রেল স্টেশনের অনতিদূরে চালু হল অ্যাপোলো ক্লিনিক


হীরক মুখোপাধ্যায়

কলকাতা (৯ মার্চ '২৬):- সোনারপুর উত্তর বিধানসভা নির্বাচনী ক্ষেত্রের বিধায়ক ফিরদৌসী বেগম, 'অ্যাপোলো ক্লিনিক'-এর মহাপ্রবন্ধক তথা রাষ্ট্রীয় প্রধান শচীন গুপ্তা, 'অ্যাপোলো হসপিটাল চেন্নাই'-এর উপ মহাপ্রবন্ধক (পূর্ব ভারত) চিকিৎসক নারায়ণ মিত্র এবং রাজপুর সোনারপুর পৌরসভার কতিপয় পৌরপিতা ও পৌরমাতার উপস্থিতিতে গড়িয়াহাট স্টেশন রোড, তেঁতুলবেড়িয়ায় আজ থেকে চালু হল 'অ্যাপোলো ক্লিনিক'।

আজ সন্ধ্যায় ফিতা কেটে দ্বারোদ্ঘাটন এবং মঙ্গল দীপ প্রজ্জ্বলনের মাধ্যমে 'অ্যাপোলো ক্লিনিক'-এর শুভ সূচনা করেন অতিথিবৃন্দ।

উদ্বোধনী মঞ্চ থেকে বিধায়ক ফিরদৌসী বেগম 'অ্যাপোলো ক্লিনিক'-এর স্থানীয় শাখার প্রশাসকবর্গের উদ্দেশ্যে বলেন, "আশা করব এই কেন্দ্র জনগণের আশা পূরণ করবে।"

সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে 'অ্যাপোলো হসপিটাল চেন্নাই'-এর পূর্ব ভারতের উপ মহাপ্রবন্ধক চিকিৎসক নারায়ণ মিত্র বলেন, "জনগণের সেবায় দেশে দীর্ঘদিন সুনামের সাথে কাজ করে চলেছে 'অ্যাপোলো ক্লিনিক'। এই কেন্দ্রেও প্রাথমিকভাবে একদিকে যেমন প্রশিক্ষিত ব্যক্তি ও স্বনামধন্য চিকিৎসকদের সহায়তায় বিভিন্ন রকম পরিষেবা দেওয়া হবে, তেমনই অন্যদিকে শল্য চিকিৎসার প্রয়োজন হলে রোগীদের সঠিক কেন্দ্রে যোগাযোগ করতে সহায়তাও করা হবে ।"

ডাঃ মিত্র-র সাথে সঙ্গতি রেখে 'অ্যাপোলো ক্লিনিক'-এর গড়িয়া স্টেশন রোড কেন্দ্রর নির্দেশক প্রণবকুমার গোস্বামী জানিয়েছেন, "গড়িয়া স্টেশন রোড অঞ্চলের ব্যক্তিদের চাহিদাকে সম্মান জানাতে এই কেন্দ্র খোলা হয়েছে। আগামী কাল থেকেই এই কেন্দ্রে 'ক্লিনিক্যাল সার্ভিসেস', 'ডায়াগনস্টিক অ্যাণ্ড ইমেজিং সার্ভিসেস', 'ল্যাবরেটরি সার্ভিসেস', এবং 'আদার ডায়াগনস্টিক সার্ভিসেস' বিভাগের আওতায় পীড়িতদের সুলভ মূল্যে পরিষেবা দেওয়া হবে।"

বলে রাখা ভালো, তিনতলা বিশিষ্ট এই সেবাকেন্দ্রের প্রতি তলায় রয়েছে ১৭৮০ বর্গফুট স্থান। প্রতিদিন সকাল ৮ থেকে রাত ৮ টা পর্যন্ত এই কেন্দ্র জনগণের সেবায় নিয়োজিত থাকবে বলে 'অ্যাপোলো ক্লিনিক'-এর গড়িয়া স্টেশন রোড কেন্দ্রর তরফ থেকে জানানো হয়েছে।

Comments