মার্চেই মুক্তি পাচ্ছে বাংলা কাহিনীচিত্র ডেভিড


হীরক মুখোপাধ্যায় 

কলকাতা (৬ মার্চ '২৬):- এই মাসের দ্বিতীয় সপ্তাহে মুক্তি পেতে চলেছে 'একেওয়াইডি ফিল্মস' নিবেদিত ও কমল নন্দী প্রযোজিত বাংলা কাহিনীচিত্র 'ডেভিড' (Bengali Feature Film DAVID)। 'ডেভিড'-এর ট্রেলার মুক্তি উপলক্ষ্য করে আয়োজিত এক সাংবাদিক সম্মেলন থেকে এই তথ্য পরিবেশিত হয়েছে। 

মনোস্তাত্ত্বিক রহস্যধর্মী (Psychological Thriller) এক কাহিনীচিত্রের প্রথম ভাগ রূপে আত্মপ্রকাশ করতে চলেছে 'ডেভিড'। বিয়োগান্তক এই কাহিনীচিত্র মূলতঃ পিতা-পুত্রের জীবনের ঘটনাকে কেন্দ্র করেই আবর্তিত হয়েছে।

এই চলচ্চিত্রের কাহিনীকার তথা চলচ্চিত্র পরিচালক হীরক (Hirak, Film Director) জানিয়েছেন, "অপরাধধর্মী এই চলচ্চিত্রের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা কমল নন্দী, এছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনেতা রূপে রঞ্জন ভট্টাচার্য, অভিনেত্রী শিবাণী সংহিতা, প্রিয়াঙ্কা ঘোষ সহ একাধিক কলাকুশলীদের দেখা যাবে।"

পূর্ণ দৈর্ঘ্যের (১ ঘণ্টা ৫৩ মিনিট) এই কাহিনীচিত্রে রয়েছে দুটো গান। সঙ্গীত পরিচালক অপূর্বকুমার ব্যানার্জি-র সঙ্গীত পরিচালনায় এই চলচ্চিত্রে কণ্ঠ দিয়েছেন ইন্দ্রনীল ও অনন্যা।

কাহিনীচিত্রের প্রযোজক কমল নন্দী (Kamal Nandi, Producer) সংবাদমাধ্যমকে জানিয়েছেন, "এই কাহিনীচিত্রে জনৈক আরক্ষা আধিকারিক সুস্মিতা রায়ের চরিত্রে সাবলীল অভিনয় করেছেন শিবাণী সংহিতা।"

মুক্তির অপেক্ষায় প্রহর গুনতে থাকা বাংলা চলচ্চিত্র 'ডেভিড'-এর পরিবেশক রঞ্জন ভট্টাচার্য আজ সংবাদমাধ্যমকে জানিয়েছেন, "একেবারে আনকোরা শিল্পী ও কলাকুশলীদের নিয়েই তৈরি হয়েছে বাংলা চলচ্চিত্র জগতের ছকভাঙা কাহিনীচিত্র 'ডেভিড'। ভবিষ্যতে এই চলচ্চিত্র যদি 'বক্স অফিস হিট' রূপে পরিগণিত হয় তাহলেও অবাক হব না।"


 

Comments