জীবন নির্বাহ করার জন্য ১৫ জন মহিলার হাতে সেলাই মেশিন তুলে দিল এফএএসআইআই


হীরক মুখোপাধ্যায় 

কলকাতা (১৩ মার্চ '২৬):- প্রশাসন ও সমাজের বরেণ্য ব্যক্তিদের উপস্থিতিতে জীবন নির্বাহ করার জন্য অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া সমাজের ১৫ জন মহিলার হাতে সেলাই মেশিন তুলে দিল 'ফেডারেশন অব অ্যাসোসিয়েশন অব স্মল ইণ্ডাস্ট্রীজ অব ইণ্ডিয়া' সংক্ষেপে 'এফএএসআইআই' (FASII)।

'আন্তর্জাতিক নারী দিবস'-কে উপলক্ষ করে অতিক্ষুদ্র ও ক্ষুদ্র উদ্যোগ পরিমণ্ডলে জড়িত মহিলা উদ্যোগীদের সুযোগ ও প্রতিস্পর্ধা নামাঙ্কিত এক আলোচনা সভা থেকে আজ ১২ জন সফল মহিলাকে শাল, শংসাপত্র ও স্মারক দিয়ে সংবর্ধিত করার পাশাপাশি অন্য ১০ ব্যক্তিকে ব্যষ্টি উন্নয়নে সদর্থক ভূমিকা পালনের জন্য সম্মান জ্ঞাপনের সাথে সাথে জীবনযাপনের সুবিধার্থে ১৫ জন মহিলার হাতে সেলাই মেশিন তুলে দেয় 'এফএএসআইআই' কর্তৃপক্ষ।

'এফএএসআইআই' আয়োজিত 'ওমেন অ্যাচিভার অ্যাওয়ার্ড ২০২৬' নামাঙ্কিত অনুষ্ঠানের মঞ্চ থেকে পশ্চিমবঙ্গ সরকারের এমএসএমই বিভাগের যুগ্ম নির্দেশক ডঃ মউ সেন জানিয়েছেন, "এই মুহূর্তে পশ্চিমবঙ্গ সরকারের মূল চালিকাশক্তি একজন মহিলা, তাঁর সদিচ্ছা ও ঐকান্তিক প্রচেষ্টার ফসল রূপে রাজ্য সরকার মহিলাদের স্বাবলম্বী করার জন্য যথেষ্ট তৎপর ভূমিকা পালন করে চলেছে। যদি কোনো উদ্যোগপতি উদ্যোগ স্থাপনের শুরুতে বা গতিশীলতা বাড়াতে গিয়ে কোনোরকম প্রশাসনিক সমস্যার মুখোমুখি হন, তাহলে কালক্ষেপ না করে আমার সাথে যোগাযোগ করবেন। হয়তো আমি সবাইকে সহায়তা করতে পারব না, তবে জটিলতা কাটিয়ে ওঠার পথটা অন্ততঃ দেখিয়ে দেব।"

Comments