কলকাতা (৩ মার্চ '২৬):- কবি কুমুদরঞ্জন মল্লিক-এর ১৪৪তম জন্মদিন (১ মার্চ ১৮৮৩) উপলক্ষ্যে পূর্ব বর্ধমান জেলার কোগ্রাম-এ কবির বাড়িতে আয়োজিত 'কুমুদ সাহিত্য মেলা' থেকে এই বছরের 'কুমুদ রত্ন' সম্মানে ভূষিত হলেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি অধ্যাপক ডঃ পার্থ কর্মকার।
"কবির জন্মদিন উপলক্ষ্যে আয়োজিত মেলা থেকে আজ পার্থ কর্মকার ছাড়া আরো ১০ জন কৃতি ব্যক্তিকে সংবর্ধনা জানানো হয়েছে," বলে জানিয়েছেন 'কুমুদ সাহিত্য মেলা কমিটি'-র সাধারণ সম্পাদক মোল্লা জসিমুদ্দিন।
'কুমুদ সাহিত্য মেলা কমিটি'-র তরফ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই বছর 'কুমুদ রত্ন'-র পাশাপাশি অনুষ্ঠান স্থল থেকে স্বনামধন্য লোকসঙ্গীত শিল্পী তথা পদ্মশ্রী রতন কাহার-এর হাতে 'লোচনদাস রত্ন' সম্মান, অবর বিদ্যালয় পরিদর্শক সমীর মজুমদার-এর হাতে 'উত্তর ২৪ পরগণা জেলা রত্ন' সম্মান, প্রকৃতিরক্ষী সমরেন্দু চক্রবর্তী-র হাতে 'পরিবেশ রত্ন' সম্মান, অবসরপ্রাপ্ত সরকারি চিকিৎসক অভয় সামন্ত মহাশয়-এর হাতে 'মেমারি রত্ন' সম্মান, গবেষক সম্রাট কুমার পাল-এর হাতে 'ভাতার রত্ন' সম্মান, সাংবাদিক দ্বারকানাথ দাস-এর হাতে 'কালনা মহকুমা রত্ন' সম্মান এবং সাংবাদিক প্রণব দেবনাথ-এর হাতে 'কাটোয়া মহকুমা রত্ন' সম্মান, লেখক অলককুমার দত্ত-র হাতে 'সমীর ভট্টাচার্য রত্ন সম্মান' সহ পশুপ্রেমী টুম্পা রায়-এর হাতে 'মমতা মন্ডল স্মৃতি পুরস্কার' তুলে দেওয়া হয়েছে।
'কুমুদ সাহিত্য মেলা'-য় উপস্থিত ছিলেন কাটোয়া মহকুমার আরক্ষা আধিকারিক কাশীনাথ মিস্ত্রী, মঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত আধিকারিক লাল্টু ঘোষ, শ্রীখণ্ড পঞ্চায়েতের প্রাক্তন প্রধান দীপক মজুমদার প্রমুখ একাধিক বিশিষ্ট ব্যক্তি।


Comments
Post a Comment