পরিকাঠামো প্রচার ও বিপণন শৈলীর ব্যর্থতার কারণে বাংলার তাঁতশিল্প থেকে মুখ ফিরিয়েছে বিদেশী পর্যটকেরা : মধুমিতা সরকার গুহ
কলকাতা (১৪ মার্চ '২৬):- "হস্তচালিত তাঁত সহ বস্ত্রবয়ন শিল্পের উপর বর্তমানে আগ্রহ হারিয়েছে পশ্চিমবঙ্গের দক্ষ তাঁতশিল্পীদের ঘরের সন্তানরাই। ফলতঃ, নতুন প্রজন্মের প্রাণবন্ত শিল্পীদের অভাবে বর্তমানে কিছুটা হলেও মান কমেছে পশ্চিমবঙ্গের তাঁতশিল্পর," বলে আজ খুল্লামখুল্লা জানিয়েছেন 'লাক্স লিভিং'-এর প্রতিষ্ঠাতা এবং মুখ্য কার্যনির্বাহী আধিকারিক মধুমিতা সরকার গুহ (Madhumita Sarkar Guha, Founder & Chief Executive Officer, Luxe Living)।
আজ ১৭২/৩, রাসবিহারী অ্যাভিনিউয়ে অবস্থিত 'বেঙ্গল হোম ইণ্ডাস্ট্রীজ অ্যাসোসিয়েশন'-এর প্রদর্শন তথা বিক্রয় কেন্দ্রে নিজের সংস্থার 'স্প্রিং কালেকশন'-এর শুভারম্ভের মুহূর্তে উপস্থিত হয়ে মধুমিতা একথা জানান।
তিনি দ্ব্যর্থহীন ভাষায় সাংবাদিকদের জানান, "বাংলার তাঁতশিল্পের গুণগত মানের সেরকম পতন না হলেও তাঁতশিল্পীদের ঘরের সন্তানদের শিল্পের প্রতি অনাগ্রহ ও উদাসীনতা সহ অন্য কিছু কারণের ফলে বেশ কিছুদিন যাবত পশ্চিমবঙ্গের বস্ত্রবয়ন শিল্প তার আগের সুনাম এবং গরিমা কিছুটা হারিয়ে ফেলেছে। আর ঠিক সেই কারণেই বিদেশী পর্যটকেরা আজ ভারতে এসে পশ্চিমভারত বিশেষত রাজস্থান, জয়পুর বা গুজরাতের রঙিন সুন্দর শাড়ির দিকে যতটা আকর্ষিত হচ্ছেন, ঠিক ততটাই মুখ ফিরিয়ে নিয়েছে বাংলার বস্ত্রবয়ন শিল্প ও শিল্পীদের দিক থেকে।"
মধুমিতা সরকার গুহ এখানেই না থেমে আরো বলেছেন, "শিল্পীদের দক্ষতা, পরিকাঠামো, বিপণন শৈলী বৃদ্ধির সাথে সাথে যতক্ষণ না বাংলার সুমহান বস্ত্রবয়ন শিল্পের পক্ষে যথোপযুক্ত প্রচার হচ্ছে, ততক্ষণ বস্ত্রবয়ন শিল্পের উন্নতির ভ্রান্ত স্বপ্ন না দেখাই ভালো।"
ফাল্গুন ও চৈত্র মাসকে বাংলায় বসন্ত ঋতু হিসেবে চিহ্ণিত করা হয়। আর এই মধুঋতুতে একটু বিলাসবহুল জীবনযাপন বা আরামদায়ক আড়ম্বর পূর্ণ জীবনের হাতছানি দিয়ে 'লাক্স লিভিং'-এর উদ্যোগে কলকাতায় শুরু হয়েছে 'স্প্রিং কালেকশন'।
'স্প্রিং কালেকশন'-এর বিষয়ে কথা বলতে গিয়ে 'বেঙ্গল হোম ইণ্ডাস্ট্রীজ অ্যাসোসিয়েশন'-এর অধ্যক্ষ জি এম কাপুর (G M Kapur, President, BHIA) জানিয়েছেন, "আগামী পয়লা বৈশাখ পর্যন্ত চলবে এই 'স্প্রিং কালেকশন' সম্পর্কিত প্রদর্শনী ও বিক্রয়। উৎসুক ব্যক্তিরা এখানে এসে বিভিন্ন প্রকারের তাঁত, সুতির পোষাক সহ গৃহসজ্জার উপযোগী বিভিন্ন সামগ্রী দেখতে ও কিনতে পারবেন।"

Comments
Post a Comment