প্রশিক্ষণের শেষে কাশ্মীরের এমব্রয়ডারি শিল্পীদের হাতে শংসাপত্র তুলে দিল এসেনসিভ এডু স্কিল ফাউণ্ডেশন


হীরক মুখোপাধ্যায় 

কলকাতা (৯ ফেব্রুয়ারী '২৬):- পশ্চিমবঙ্গ সরকারের শ্রম দপ্তরের অতিরিক্ত সচিব শোয়ান সেন (Shoan Sen, Additional Secretary, Department of Labor, Government of West Bengal) এবং জিনিয়াস এইচ আর টেক লিমিটেড-এর অধ্যক্ষ ও ব্যাবস্থাপক নির্দেশক আর পি যাদব (R P Yadav, Chairman & Managing Director, Genius HR Tech Limited)-এর উপস্থিতিতে আজ এক সমাবর্তন অনুষ্ঠানের মাধ্যমে এমব্রয়ডারি শিল্পের সাথে জড়িত শ'তিনেক শিল্পীদের হাতে শংসাপত্র প্রদান করল 'এসেনসিভ এডু স্কিল ফাউণ্ডেশন' (Asencive Edu Skill Foundation)।

কাশ্মীরে বসবাসকারী প্রায় ৩ শতাধিক এমব্রয়ডারি শিল্পী-কে ছয় মাস ধরে হাতে কলমে শিল্পকর্ম শেখানোর শেষে আজ ভার্চুয়াল মোডে শিল্পীদের হাতে শংসাপত্র তুলে দেওয়া হয়।

শিল্পীদের হাতে ভার্চুয়াল মোডে শংসাপত্র তুলে দেওয়ার আগে 'জিনিয়াস এইচ আর টেক লিমিটেড'-এর অধ্যক্ষ ও ব্যাবস্থাপক নির্দেশক আর পি যাদব জানিয়েছেন, "বাণিজ্যিক সংস্থার সামাজিক দায়িত্ব (Corporate Social Responsibility) পালনের লক্ষ্যে 'জিনিয়াস ফাউণ্ডেশন' 'এসেনসিভ এডু স্কিল ফাউণ্ডেশন'-এর মাধ্যমে সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে সামিল হয়ে থাকে, আজকের অনুষ্ঠান তারই এক ঝলক।"

অপরদিকে 'এসেনসিভ গ্রুপ'-এর অধ্যক্ষ অভিজিৎ চ্যাটার্জি (Abhijit Chatterjee, Chairman, Asencive Group) বলেছেন, "আমরা এই উদ্যোগের মাধ্যমে একদিকে যেমন অদক্ষ ব্যক্তিদের দক্ষ শিল্পীতে পরিবর্তিত করার চেষ্টা করলাম, অন্যদিকে এঁরা ভবিষ্যতে যাতে এক একজন উদ্যোগপতি হয়ে উঠে নিজেদের পসরা কাশ্মীর, কলকাতা সহ বিশ্বের বাজারে তুলে ধরতে পারে সে বিষয়েও এঁদের ধারণা দেওয়া হয়েছে। প্রশিক্ষণ প্রাপ্ত শিল্পীদের বিপণন তথা বিক্রয় সহায়তা প্রদান করতেও আমরা বদ্ধপরিকর।" 

Comments