কলকাতা (৭ ফেব্রুয়ারী '২৬):- যক্ষ্মা (Tuberculosis)-র উপর সম্পূর্ণ এক ভিন্নধারার পুস্তক 'ফ্রম সিলস টু সারভাইভাল : ইকোজ অব দ্য আনস্পোকেন ক্রুসেড এগেইনস্ট টিবি ইন ইণ্ডিয়া' (From Seals To Survival : Echoes Of Unspoken Crusade Against TB In India) প্রকাশ করে সর্বভারতীয় প্রেক্ষাপটে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এল 'বেঙ্গল টিউবারকুলোসিস অ্যাসোসিয়েশন' (Bengal Tuberculosis Association) সংক্ষেপে 'বিটিএ' (BTA)।
আজ 'প্রেস ক্লাব' কলকাতা-য় এই পুস্তকের আবরণ উন্মোচনের প্রাক্কালে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে 'বিটিএ'-র অধ্যক্ষ চিকিৎসক রঞ্জনকুমার দাস (Dr. Ranjan Kumar Das, Chairman, BTA) বলেছেন, "এতদিন 'বিটিএ' যক্ষ্মা সম্পর্কিত বিবিধ জার্নাল বার করলেও, এই প্রথম পুস্তক প্রকাশ করল 'বিটিএ'। এই পুস্তকের লেখক তথা কলারোগ বিশেষজ্ঞ চিকিৎসক ভাস্কর মিত্র (Dr. Bhaskar Mitra, Histopathologist) এই পুস্তকের যাবতীয় স্বত্ব 'বিটিএ'-কে অর্পণ করার ফলে ভবিষ্যতে এই পুস্তক থেকে সংগৃহীত যাবতীয় অর্থ সংগঠনের কাজেই লাগানো হবে।"
বলে রাখা ভালো, ১৯৪১ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত প্রতিবছর ২ অক্টোবর যক্ষ্মা সংক্রান্ত যেসব ডাকটিকিট প্রকাশ পেয়েছে তার পেছনের কাহিনী, শিল্পী, সৃজনশীল ধারণা সহ যক্ষ্মার উপর নিয়ন্ত্রণ পাওয়ার ঘটনা সবকিছুই ছবি ও তথ্য সহ দেখা যাবে এই বইতে। ১৪৪ পাতার এই বই কিনতে হলে উৎসাহী ব্যক্তিকে গুনতে হবে ভারতীয় মুদ্রায় নগদে ২,৫০০ টাকা।
পুস্তকের আবরণ উন্মোচনের পর এই গ্রন্থের লেখক তথা চিকিৎসক ভাস্কর মিত্র বলেছেন, "ছাত্রাবস্থায় আমরা অনেকেই অনেক সময় বিভিন্ন সংস্থার মারফত এমন কিছু সিল কিনেছি যা ডাক বিভাগে বিক্রি না হলেও ছাত্রছাত্রীদের কাছে ওই সিল বিক্রি করে আদায়ীকৃত অর্থ যক্ষার মতো বিভিন্ন রোগ সংক্রান্ত বিষয়ে ব্যয় করা হত।
পরবর্তী সময়ে ওই বিশেষ ধরণের সিল সম্পর্কে জ্ঞান আহরণ করার সময় নিজেই চমকে উঠেছি। এই তথ্য সবারই জানা প্রয়োজন। আর ঠিক সেই কারণেই ছাপার অক্ষরে প্রকাশ পেয়েছে এই বই।"
'বিটিএ'-র তরফ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে- পশ্চিমবঙ্গে তো বটেই ভারতবর্ষেও এর আগে এই বিষয়ে কোনো বই আছে কিনা সেই বিষয়ে কিছু জানা নেই।


Comments
Post a Comment