প্রি স্টেজ বা ফার্স্ট স্টেজে সনাক্ত করা গেলে ৯০ শতাংশ রোগীকেই ক্যানসারের থাবা থেকে বার করে আনা যায় : ডাঃ দেবপ্রিয় মণ্ডল


হীরক মুখোপাধ্যায় 

কলকাতা (৪ ফেব্রুয়ারী '২৬):- 'বিশ্ব ক্যানসার দিবস' (World Cancer Day) উপলক্ষ্যে ভারতের সব কটা অগ্রণী স্বাস্থ্য ব্যবসায়ী সংস্থার সাথে তাল মিলিয়ে আনন্দপুরের ফর্টিস হাসপাতাল (Fortis Hospital, Anandapur) কর্তৃপক্ষও আজ কলকাতায় ক্যানসারের প্রাথমিক নির্ণয় পরীক্ষার উপর জোর দিয়ে এক সচেতনতামূলক আলোচনা সম্পন্ন করছে। 

'প্রেস ক্লাব' কলকাতা-র সহযোগিতায় আয়োজিত এই সচেতনতা মূলক আলোচনা সভায় অংশগ্রহণ করে 'ফর্টিস হাসপাতাল'-এর মেডিক্যাল ওঙ্কোলজি বিভাগের পরামর্শদাতা চিকিৎসক দেবপ্রিয় মণ্ডল জানিয়েছেন, "যদি প্রাথমিক স্তরে বা তার আগেই ক্যানসার সনাক্ত করা সম্ভব হয়, সেক্ষেত্রে আধুনিক চিকিৎসার সহযোগিতায় এখন ৯০ শতাংশ ক্ষেত্রে ক্যানসারকে প্রতিহত করা সম্ভবপর হচ্ছে।"

অন্যদিকে সংস্থার অবস্টেট্রিকস অ্যাণ্ড গায়ানাকোলজি বিভাগের বরিষ্ঠ পরামর্শদাতা চিকিৎসক সুজাতা দত্ত বলেছেন, "আগামী ২০৩০ সালের মধ্যে যোনিমুখের ক্যানসার দূরীকরণের ডাক দিয়েছে 'বিশ্ব স্বাস্থ্য সংস্থা' (World Health Organization)। পশ্চিমবঙ্গ সহ সমগ্র ভারতের প্রত্যেক প্রান্তের মহিলাদের ক্যানসার থেকে সুরক্ষিত রাখার প্রথম পদক্ষেপ রূপে এই মুহূর্ত থেকেই দেশের ৯ থেকে ২৫ বছরের মহিলাদের 'হিউম্যান প্যাপিলোমা ভাইরাস' ভ্যাকসিন দেওয়াটা একান্ত জরুরী।"

ডাঃ মণ্ডল এবং ডাঃ দত্ত-র সাথে সঙ্গতি রেখে সংস্থার ওঙ্কো ইউরোলজি-র নির্দেশক চিকিৎসক শ্রীনিবাস নারায়ণ বলেছেন, "মহিলাদের পাশাপাশি পুরুষদের মধ্যেও ক্যানসারের প্রবণতা বাড়ছে। ক্যানসার থেকে নিজেকে সুরক্ষিত রাখতে হলে অন্যান্য অনেক কিছুর সাথে সাথে ধূমপান ও মদ্যপান থেকে দূরে থাকাটাই একান্ত কাম্য। মনে রাখতে হবে বয়স পঞ্চাশ পেরোলেই প্রত্যেক পুরুষের বছরে অন্ততঃ একবার প্রোস্টেট পরীক্ষা করিয়ে নেওয়াটা প্রয়োজন।"

Comments