কলকাতায় শুরু হল দু'দিনের সপ্তম আইএনকেরিহ্যাবকন ২০২৬


হীরক মুখোপাধ্যায় 

কলকাতা (২৮ ফেব্রুয়ারী '২৬):- মস্তিষ্কে আঘাত পাওয়া রোগীদের চিকিৎসা পরবর্তী পুনর্বাসনকে সামনে রেখে আই এন কে-র নিউরোরিহ্যাবিলিটেশন বিভাগ এবং নেওটিয়া বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে আজ থেকে বিধাননগরে শুরু হল দু'দিনের '৭ম আইএনকেরিহ্যাবকন ২০২৬' (7th INKREHABCON 2026)।

অনুষ্ঠানের অন্যতম উদ্যোক্তা তথা চিকিৎসক সুপর্ণ গঙ্গোপাধ্যায় (Dr. Suparna Gangopadhyay) সংবাদমাধ্যমকে জানিয়েছেন, "রিহ্যাবিলিটেশন ট্রমাটিক ব্রেণ ইনজুরি (Rehabilitation in Traumatic Brain Injury) সংক্ষেপে 'টিবিআই' (TBI)-কে লক্ষ্যে রেখে শুরু হল দু'দিনের '৭ম আইএনকেরিহ্যাবকন ২০২৬'।"

সমাবেশের আনুষ্ঠানিক উদ্বোধনের আগে চিকিৎসক সুপর্ণ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, "মস্তিষ্কে আঘাত লাগার পর অনেক সময় শল্যচিকিৎসা আবশ্যিক হয়ে পড়ে। শরীরের অন্যান্য অংশের তুলনায় মস্তিষ্কের শল্যচিকিৎসা যেহেতু একটু জটিল ধরণের তাই এক্ষেত্রে সফল শল্যচিকিৎসার পরেও রোগীকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে দিতে চিকিৎসক, পরিষেবিকা এবং ফিজিও থেরাপিস্ট বা অকুপেশনাল থেরাপিস্টদের কর্মকাণ্ডকে অস্বীকার করা যায় না।

মস্তিষ্কে সফল শল্যচিকিৎসার পরবর্তী পর্যায়েও রোগীর শরীরের কোনো একদিকে পক্ষাঘাত হতে পারে, যৌনজীবন ব্যাহত হতে পারে বা অন্যান্য স্বাভাবিক কর্মকাণ্ড স্তব্ধ হয়ে যেতে পারে। তাই 'টিবিআই' রোগীদের চিকিৎসার ক্ষেত্রে বিশেষ নজর দেওয়া প্রয়োজন। 

মস্তিষ্কের সফল শল্যচিকিৎসার পরে আন্তঃ বিভাগীয় নজরদারি সহ আধুনিক চিকিৎসা সংক্রান্ত আলোচনা হবে '৭ম আইএনকেরিহ্যাবকন ২০২৬'-এ।"


Comments