মুক্তি পেল পূর্ণ দৈর্ঘ্যের কাহিনীচিত্র ক্রিমিনাল নেভার বর্ণের পোস্টার ও ট্রেলার


হীরক মুখোপাধ্যায় 

কলকাতা (২০ ফেব্রুয়ারী '২৬):- টলিউড ফিল্ম ইণ্ডাস্ট্রীর অন্যতম পরিচিত মুখ অমিতাভ ভট্টাচার্য, সায়ক দে, তনুমিতা মুখার্জি ও অনুপ্রিয় চ্যাটার্জি সহ একঝাঁক অভিনেতা ও অভিনেত্রী এবং কলাকুশলীদের উপস্থিতিতে মুক্তি পেল পূর্ণ দৈর্ঘ্যের বাংলা কাহিনীচিত্র 'ক্রিমিনাল নেভার বর্ণ'-এর পোস্টার ও ট্রেলার।

রঞ্জনা রায় নিবেদিত, ছন্দম প্রযোজিত এবং নারায়ণ রায় নির্দেশিত এই সামাজিক চলচ্চিত্র 'ক্রিমিনাল নেভার বর্ণ'-এর কাহিনীকার দীপঙ্কর নাগ।

বিশিষ্ট অভিনেতা, অভিনেত্রী ও অন্যান্যদের সাথে নিয়ে মঙ্গল দীপ প্রজ্জ্বলনের মাধ্যমে পোস্টার ও ট্রেলার মুক্তি অনুষ্ঠানের শুভ সূচনা করেন চলচ্চিত্র পরিচালক নারায়ণ রায়।

পরে সংবাদমাধ্যমের সাথে কথা বলতে গিয়ে 'ক্রিমিনাল নেভার বর্ণ' কাহিনীচিত্রের নির্দেশক নারায়ণ রায় জানিয়েছেন, "আমার প্রত্যেক ছবিতেই আমি একটা সামাজিক বার্তা দিয়ে থাকি। এই ছায়াছবির মাধ্যমে আমি বলতে চেয়েছি- এই পৃথিবীতে কেউই অপরাধী হয়ে জন্মগ্রহণ করেনা। অর্থলিপ্সু ও ক্ষমতালোভী কিছু নির্দয় মানুষের প্রত্যক্ষ ও অপ্রত্যক্ষ মানসিক চাপ, আতঙ্ক তথা অত্যাচারের কারণেই অশিক্ষিত বা শিক্ষিত মানুষও সমাজে অপরাধী রূপে চিহ্নিত হয়ে পড়ে।"

কাহিনীচিত্রের প্রযোজনা সংস্থার তরফে জানা গেছে, রাঢ় বাঙলার বেশ কিছু স্থানের পাশাপাশি মধ্যমগ্রাম, বারাসাত সহ বিভিন্ন জায়গায় স্বল্প মূলধনের এই ছায়াছবির দৃশ্যগ্রহণ করা হয়েছে।

আসন্ন মুক্তি প্রাপ্ত বাংলা কাহিনীচিত্র-র নির্দেশক আরো জানিয়েছেন, "খুব তাড়াতাড়ি ওটিটি মাধ্যমের হাত ধরে বাংলা চলচ্চিত্রমোদী জনগণের সামনে আসবে 'ক্রিমিনাল নেভার বর্ণ'।"

Comments