বিধানসভা থেকে অগ্নিমিত্রা পলকে বরখাস্তের দাবি জানাল মাদ্রাসা শিক্ষক শিক্ষাকর্মী সমিতি


হীরক মুখোপাধ্যায় 

কলকাতা (১৪ ফেব্রুয়ারী '২৬):- ক্ষমা প্রার্থনা না করলে বিধানসভা থেকে 'ভারতীয় জনতা পার্টি'-র টিকিটে বিজয়ী বিধায়ক অগ্নিমিত্রা পল- কে বরখাস্তের দাবি জানাল 'মাদ্রাসা শিক্ষক শিক্ষাকর্মী সমিতি'। আজ কলকাতায় এক সাংবাদিক সম্মেলন করে সংগঠনের পক্ষে এই দাবি জানানো হয়।

বলে রাখা ভালো, গত সপ্তাহে পশ্চিমবঙ্গ সরকারের বাজেট শীর্ষক জবাবি ভাষণে বক্তব্য রাখতে গিয়ে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল বলেছিলেন, পশ্চিমবঙ্গ সরকার সংখ্যালঘু উন্নয়ন বা মাদ্রাসা উন্নয়নের নামে ৫,৭২০ কোটি টাকা খরচ করার প্রস্তাব রেখেছে। এই অর্থ শিক্ষার উন্নয়নে ব্যায় হবে নাকি মাদ্রাসার আড়ালে সংখ্যালঘু কিংবা অনুপ্রবেশকারীদের রক্ষার জন্য ব্যয় করা হবে ? 

'মাদ্রাসা শিক্ষক শিক্ষাকর্মী সমিতি'-র তরফ থেকে জানানো হয়েছে, "বিধানসভার বাইরে এবং বিধানসভার ভেতরে বিধায়কের এই বক্তব্য মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার প্রতি অবমাননাকর।"

পাঠকদের অবগতির জন্য বলা যেতে পারে, বিধায়ক আরো জানিয়েছিলেন, "মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা থেকে বেরিয়ে আসা ছাত্রছাত্রীরা প্রায় কেউই শিক্ষক, চিকিৎসক, আইনজীবী, বিজ্ঞানী বা প্রশাসনিক আধিকারিক হতে পারছেন না। তাহলে ওখানে হয়টা কি ?"

'মাদ্রাসা শিক্ষক শিক্ষাকর্মী সমিতি'-র পক্ষ থেকে স্পষ্টভাবে বলা হয়েছে, "প্রথমতঃ রাজ্যে সংখ্যালঘু ও মাদ্রাসা শিক্ষা খাতে বরাদ্দ অর্থ বাস্তবে সম্পূর্ণ ব্যয় করা হয় না।

দ্বিতীয়তঃ, সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে কেবল মুসলিম নয়, খ্রিষ্টান, শিখ, জৈন, বৌদ্ধসহ অন্যান্য গোষ্ঠীও অন্তর্ভুক্ত। 

তৃতীয়তঃ, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার আওতাভুক্ত ৪০ শতাংশ শিক্ষক-অশিক্ষক কর্মচারী যেমন অমুসলিম পরিবারভুক্ত তেমনই ছাত্রছাত্রীদের ২৫ শতাংশও অমুসলিম। 

তাই কারোরই লজ্জাজনক মন্তব্য করা উচিত নয়।" 


Comments