কলকাতা (১৩ ফেব্রুয়ারী '২৬):- "আজকের ব্যাঙ্ক কর্মীরা অনেকেই জানেন না কলকাতা থেকেই শুরু হয়েছিল ব্যাঙ্কের হরতাল," বলে দ্ব্যর্থহীন ভাষায় জানালেন বামপন্থী শ্রমিক সংগঠন 'অল ইণ্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস'-এর মহাসচিব অমরজিৎ কৌর (Amarjeet Kaur, General Secretary, AITUC)।
আজ কলকাতার মহাজাতি সদনে 'বেঙ্গল প্রভিন্সিয়াল ব্যাঙ্ক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন' (Bengal Provincial Bank Employees' Association) সংক্ষেপে 'বিপিবিইএ' (BPBEA)-এর ৩১তম সমাবেশ (31st Conference)-এর প্রারাম্ভিক ভাষণে বক্তব্য রাখতে গিয়ে শ্রীমতী কৌর এই কথা বলেন।
মঞ্চে 'অল ইণ্ডিয়া ব্যাঙ্ক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন'-এর মহাসচিব সি এইচ ভেঙ্কটাচলম (C H Venkatachalam, General Secretary, AIBEA)-কে সাক্ষী রেখে অমরজিৎ কৌর আরো বলেন, "১৮৫৭ সালের দেশব্যাপী বিদ্রোহের পর একমাত্র শ্রমিকরাই চারদিকে ধীরে ধীরে বিদ্রোহের আগুন জ্বালতে শুরু করেন।"
বলে রাখা ভালো, সমস্ত ব্যাঙ্ককে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের মর্যাদা প্রদান, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোকে বেসরকারিকরণের বিরোধিতা, দ্রুত কর্ম সম্পাদনের অজুহাতে ব্যাঙ্ক বহির্ভূত ব্যক্তিদের কাজে লাগানোর বিরোধিতা সহ ব্যাঙ্কগুলোতে প্রয়োজনীয় কর্মচারী নিয়োগ-এর মতো গুরুত্বপূর্ণ দাবিগুলোকে সামনে রেখে আজ থেকে 'বিপিবিইএ'-র তিন দিনের সমাবেশ শুরু হল কলকাতায়।
'বিপিবিইএ'-র তরফ থেকে মহাসচিব রাজেন নাগার (Rajen Nagar, General Secretary, BPBEA) সংবাদমাধ্যমকে জানিয়েছেন, "বেঙ্গল চেম্বার অব কমার্স অ্যাণ্ড ইণ্ডাস্ট্রীর সামনে থেকে ১ সহস্র ব্যাঙ্ক কর্মচারীর এক শোভাযাত্রা শুরু হয়ে মহাজাতি সদনে প্রবেশ করার মধ্যে দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে 'বিপিবিইএ'-র ৩১তম সমাবেশ।"



Comments
Post a Comment