জীবদ্দশায় মেন্স কমিশন দেখে যেতে চাই : নন্দিনী ভট্টাচার্য


হীরক মুখোপাধ্যায় 

কলকাতা (৩১ জানুয়ারী '২৬):- "জীবদ্দশায় ওম্যান কমিশনের পাশাপাশি ভারত তথা পশ্চিমবঙ্গের বুকে মেন্স কমিশন দেখে যেতে চাই," বলে দ্ব্যর্থহীন ভাষায় জানালেন 'অল বেঙ্গল মেন্স ফোরাম'-এর প্রতিষ্ঠাতা তথা অধ্যক্ষা নন্দিনী ভট্টাচার্য

আজ প্রেস ক্লাব কলকাতা-য় ভোজ্য সাদা তেল, সরষের তেল, গুঁড়ো মশলার নির্মাতা 'স্বাদে আহ্লাদে' আয়োজিত 'বাণী বন্দনা সম্মান ২০২৬'-এর পুরস্কার বিতরণী মঞ্চ থেকে সম্মানিত হওয়ার পর নিজের জবাবি বক্তব্যে নন্দিনী ভট্টাচার্য এই কথা জানান।

বলে রাখা ভালো, এই বছর সৃজনশীল, দৃষ্টিনন্দন সরস্বতী পুজো করার জন্য 'স্বাদে আহ্লাদে' প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের পাশাপাশি আরো ৭ টা সংগঠনের হাতে সান্ত্বনা পুরস্কার তুলে দিয়েছে।

বিজয়ী পুজো সংগঠকরা পুরস্কার মূল্যের পাশাপাশি, স্মারক, শংসাপত্র ও 'স্বাদে আহ্লাদে'-র ১ লিটারের সরষের তেল পেয়েছে। 

পুরস্কার বিতরণ অনুষ্ঠানের শেষে 'স্বাদে আহ্লাদে'-র তরফ থেকে বরিষ্ঠ বিপণন আধিকারিক গৌতম সূত্রধর জানিয়েছেন, "এই বছর প্রথম স্থানাধিকারী বেলেঘাটা ৩৩ পল্লী-র হাতে পুরস্কার রূপে ১০ হাজার টাকা তুলে দেওয়া হয়েছে, দ্বিতীয় স্থানাধিকারী ইয়ং বয়েজ আমরা সবাই-এর হাতে তুলে দেওয়া হয়েছে ৭ হাজার টাকা এবং তৃতীয় স্থানাধিকারী পূবালী নতুন কুঁড়ি ক্লাব-এর হাতে তুলে দেওয়া হয়েছে ৫ হাজার টাকা।"

নন্দিনী ভট্টাচার্য ছাড়াও 'স্বাদে আহ্লাদে' পরিবার আজ যাঁদের সম্মানিত করেছেন তাঁরা হলেন, সিআইডি ওয়েস্ট বেঙ্গল-এর উপ আরক্ষাধ্যক্ষক প্রণতি সাহা, উদীয়মান অভিনেত্রী সঙ্গীতা দাস ও শ্বেতা মিশ্র, পুষ্টিবিদ অনুশ্রী মিশ্র।






Comments