এবার কোলকাতাতেও মিলবে পুরুলিয়ার ছৌ নৃত্যের মুখোশ


হীরক মুখোপাধ্যায়

কোলকাতা (৭ ফেব্রুয়ারী '২৪):- "এবার কোলকাতাতেও ছৌ মুখোশ কারিগরদের তৈরি মুখোশ দেখতে ও কিনতে পারা যাবে," বলে সম্মিলিত ভাবে জানিয়েছে 'অ্যাসেনসিভ এডু স্কিল ফাউণ্ডেশন' ও 'জিনিয়াস ফাউণ্ডেশন' কর্তৃপক্ষ।

আজ প্রেস ক্লাব কোলকাতায় আয়োজিত পুরুলিয়া জেলার চারিদা গ্রামের নৃত্যশিল্পীদের ছৌ নৃত্য (Chhau Nritya)-র অনুষ্ঠানে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে এই তথ্য প্রদান করেন আয়োজক সংস্থা দ্বয়ের কর্ণধারগণ।


বাণিজ্যিক সংস্থার সামাজিক দায় প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে 'অ্যাসেনসিভ এডুকেয়ার লিমিটেড'-এর হয়ে কাজ করে 'অ্যাসেনসিভ এডু স্কিল ফাউণ্ডেশন', অন্যদিকে 'জিনিয়াস কনসালট্যান্টস লিমিটেড'-এর হয়ে সামাজিক উন্নয়ন কর্মে লিপ্ত থাকে 'জিনিয়াস ফাউণ্ডেশন'।

বলে রাখা ভালো, গত বছরের এপ্রিল মাসে ছৌ মুখোশ কারিগরদের উদ্যোক্তা রূপে গড়ে তোলা ও তাঁদের উৎপাদিত সামগ্রীর বাজারজাত করার প্রক্রিয়াকে সামনে রেখে 'জিনিয়াস ফাউণ্ডেশন'-এর সাথে এক মৌ চুক্তি সাক্ষর করেছিল 'অ্যাসেনসিভ এডু স্কিল ফাউণ্ডেশন'। আজকের অনুষ্ঠান ছিল তারই অন্তিম চরণের অনুষ্ঠান।

নৃত্যানুষ্ঠান উপলক্ষ্যে পুরুলিয়ার ছৌ নৃত্যশিল্পীরা আজ একদিকে যেমন শহরের বুকে শোভাযাত্রা বের করেছিলেন, তেমনই নৃত্য প্রদর্শনও করেছেন।


'পদ্মশ্রী' নেপালচন্দ্র সূত্রধরের পুত্র তথা বিশিষ্ট ছৌ মুখোশ কারিগর গৌতম সূত্রধরের উপস্থিতিতে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে অংশগ্রহণ করে 'অ্যাসেনসিভ এডুকেয়র লিমিটেড'-এর নির্দেশক এবং মুখ্য কার্যনির্বাহী আধিকারিক অভিজিৎ চ্যাটার্জি (Abhijit Chatterjee, Director & CEO, Ascensive Educare Limited) জানিয়েছেন, "এই ছৌ নৃত্যশিল্পীরা যদি আরো বেশি করে সরকারী মদত পান তাহলে লোকশিল্পের প্রসার ঘটবে।"

অপর পক্ষে 'জিনিয়াস কনসালন্ট্যান্টস লিমিটেড'-এর অধ্যক্ষ ও ব্যাবস্থাপক নির্দেশক আর পি যাদব (R P Yadav, Chairman & MD, Genius Consultants Limited) বলেছেন, "এবার কোলকাতাতেও ছৌ মুখোশ কারিগরদের তৈরি মুখোশ দেখতে ও কিনতে পারা যাবে।"

Comments