এন আর এস মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সার্ধশত বার্ষিকী উপলক্ষ্যে মনোজ্ঞ অনুষ্ঠান উপহার দিতে চলেছে কলেজের প্রাক্তনীরা


হীরক মুখোপাধ্যায় 

কোলকাতা (৭ ফেব্রুয়ারী '২৩):- 'নীলরতন সরকার মেডিক্যাল কলেজ ও হাসপাতাল' (Nilratan Sarkar Medical College & Hospital) সংক্ষেপে 'এন আর এস মেডিক্যাল কলেজ ও হাসপাতাল' (N R S Medical College & Hospital)-এর সার্ধশত বার্ষিকী (Completion of 150 Years) উপলক্ষ্যে সংশ্লিষ্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রাক্তনী (Ex students of N R S Medical College & Hospital)-দের উদ্যোগে আগামী ১০ থেকে ১২ ফেব্রুয়ারী হাসপাতালে আয়োজিত হতে চলেছে বিশেষ কিছু কার্যক্রম।
আজ কোলকাতা প্রেস ক্লাব (Press Club Kolkata)-এ আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই বিষয়ে আলোকপাত করেন এন আর এস মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রাক্তনীরা।

প্রাক্তনীদের পক্ষে উৎসব কমিটির সভাপতি ডাঃ অভিজিৎ ঘোষ (Dr. Abhijit Ghosh, President, 150 Years Celebration Committee) জানান, "এন আর এস মেডিক্যাল কলেজ ও হাসপাতাল-এর সার্ধশত বার্ষিকী উপলক্ষ্যে এন আর এস মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের প্রাক্তনীদের উদ্যোগে আগামী ১০ থেকে ১২ ফেব্রুয়ারী একটা অনুষ্ঠান হতে চলেছে। অনুষ্ঠানে সমবেত হবেন ১৯৭০ থেকে ২০২২ পর্যন্ত ৫২ বছর ধরে এই কলেজ হাসপাতাল থেকে চিকিৎসক রূপে চিহ্নিত হওয়া ছাত্রছাত্রীরা।"

উৎসব কমিটির পরিচালন সমিতির সম্পাদক ডাঃ সৌরভ দত্ত (Dr. Sourav Dutta, Organising Secretary, 150 Years Celebration Committee) বলেন, "অনুষ্ঠান উপলক্ষ্যে দেশ ও বিদেশের বিভিন্ন প্রান্তে কর্মরত এন আর এস মেডিক্যাল কলেজ ও হাসপাতালের বিভিন্ন বিভাগের প্রায় ২ হাজার প্রাক্তনীরা আসছেন কোলকাতায়। ১০ তারিখের মূল অনুষ্ঠান ছাড়াও বাকি ২ দিন চিকিৎসা বিজ্ঞানের সাথে সম্পর্কিত বিভিন্ন বৈজ্ঞানিক আলোচনা ও কর্মশালা অনুষ্ঠিত হবে।"

এন আর এস মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অপর প্রাক্তনী ডাঃ দ্বৈপায়ন মুখার্জী জানিয়েছেন, "এন আর এস মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের সার্ধশত বার্ষিকী উপলক্ষ্যে আগামী ১১ ফেব্রুয়ারী হাসপাতালের শিশুরোগ বিভাগের শল্য চিকিৎসা ও সাধারণ চিকিৎসা বিভাগে ভর্তি শিশুদের হাতে শিক্ষা সামগ্রী, খেলনা সহ কিছু উপহার তুলে দেওয়া হবে।"

প্রসঙ্গত উল্লেখ্য, ১৮৭৪ সালে শিয়ালদহ মিউনিসিপ্যাল মার্কেট হাসপাতাল-কে ক্যাম্পবেল মেডিক্যাল স্কুল-এ রূপান্তরিত করা হয়। পরবর্তী সময়ে ১৯৪৮ সালে একেই ক্যাম্পবেল মেডিক্যাল স্কুল ও কলেজ রূপে উন্নীত করা হয়। স্বাধীনতার পর ১৯৫০ সালে এই হাসপাতালকেই নীলরতন সরকার মেডিক্যাল কলেজ ও হাসপাতাল রূপে চিহ্নিত করা হয়।
অতীতে বিভিন্ন সময়ে এই হাসপাতালের সাথে যুক্ত ছিলেন স্যার নীলরতন সরকার, ডাঃ বিধানচন্দ্র রায়, ডাঃ হৈমবতী সেন, ডাঃ রামচন্দ্র দত্ত, ডাঃ ভেস পেজ, ডাঃ গীতা ঘোষ, ডাঃ কেদারনাথ দাস, ডাঃ উপেন্দ্রনাথ ব্রহ্মচারী (ডাঃ ইউ এন ব্রহ্মচারী), অধ্যাপক ডাঃ শম্ভুনাথ দে, ডাঃ সুভাষ মুখোপাধ্যায়, অধ্যাপক ডাঃ সুবীর চট্টোপাধ্যায়, অধ্যাপক ডাঃ ডি সি দাঁ, ডাঃ সমীর বিশ্বাস, ডাঃ বৈদ্যনাথ চক্রবর্তীর মতো স্বনামধন্য চিকিৎসকগণ।

Comments