হীরক মুখোপাধ্যায়
কোলকাতা (৭ ফেব্রুয়ারী '২৩):- পশ্চিমবঙ্গ এবং ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলো ছাড়াও দেশের অন্যান্য রাজ্যে পোলট্রি উৎপাদন এবং পোলট্রি শিল্পের উন্নয়নের লক্ষ্যে আগামী ৯ ফেব্রুয়ারী থেকে কোলকাতার সায়েন্স সিটি-র প্রদর্শনী ক্ষেত্রে (Exhibition Ground, Science City, Kolkata) শুরু হতে চলেছে ৩ দিনের 'নবম কোলকাতা ইন্টারন্যাশনাল পোলট্রি ফেয়ার 2023' (9th Kolkata International Poultry Fair 2023)।আজ সন্ধ্যায় কোলকাতা প্রেস ক্লাব (Press Club Kolkata)-এ এক সাংবাদিক সম্মেলন করে 'ওয়েস্ট বেঙ্গল পোলট্রি ফেডারেশন'-এর সাধারণ সম্পাদক তথা 'নবম কোলকাতা ইন্টারন্যাশনাল পোলট্রি ফেয়ার ২০২৩'-এর আহ্বায়ক মদনমোহন মাইতি (Madan Mohan Maity, General Secretary, West Bengal Poultry Federation & Convenor, 9th Kolkata International Poultry Fair 2023) বলেন, "এই মুহুর্তে পশ্চিমবঙ্গ তার চাহিদা পূরণ করেও অতিরিক্ত ৩০ শতাংশ পোলট্রিজাত মাংস উৎপাদন করলেও প্রয়োজনের তুলনায় ৩০ শতাংশ কম ডিম উৎপাদন করছে আমাদের রাজ্য। ভবিষ্যতে পোলট্রি ব্যবসায় আরো শ্রীবৃদ্ধির লক্ষ্যে আমরা আয়োজন করতে চলেছি আন্তর্জাতিক স্তরের এই পোলট্রি মেলা।"
প্রসঙ্গত উল্লেখ্য, পশ্চিমবঙ্গ সরকারের প্রাণী সম্পদ বিকাশ বিভাগের সহযোগিতায় ২০১২ সাল থেকে কোলকাতায় শুরু হয়েছে আন্তর্জাতিক স্তরের এই পোলট্রি মেলা।
বলে রাখা ভালো, ২০০৯-১০ সাল নাগাদ ডিম উৎপাদনে পশ্চিমবঙ্গ ১৪ তম স্থানে থাকলেও, ২০২২-২৩ সালে অর্থাৎ বর্তমান সময়ে ডিম উৎপাদনে পশ্চিমবঙ্গ ৫ম স্থান অধিকার করেছে।
আজ সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মদনমোহন মাইতি আরো বলেন, "আন্তর্জাতিক স্তরের এই মেলা শুরুর প্রাক্কালে আগামীকাল থেকে ই এম বাইপাস সংলগ্ন এক বিলাসবহুল হোটেলে পোলট্রি শিল্পের উপর 'নোভাকন' (Novacon) নামাঙ্কিত এক আলোচনা চক্রের আয়োজন করতে চলেছে 'নবম কোলকাতা ইন্টারন্যাশনাল পোলট্রি ফেয়ার ২০২৩'-এর আয়োজকবৃন্দ।"
'কোলকাতা ইন্টারন্যাশনাল পোলট্রি ফেয়ার ২০২৩' উপলক্ষ্যে ৯ ফেব্রুয়ারী সায়েন্স সিটি-র প্রদর্শনী ক্ষেত্রে মেলা শুরু হলেও অনুষ্ঠানের অঙ্গ হিসেবে পরের দিন অর্থাৎ ১০ ফেব্রুয়ারী কোলকাতা বোটিং ক্লাবে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করতে চলেছে মেলার আয়োজকবৃন্দ।
মেলা আয়োজকদের তরফে জানানো হয়েছে, "নবম কোলকাতা ইন্টারন্যাশনাল পোলট্রি ফেয়ার ২০২৩ উপলক্ষ্যে ৪০ হাজার পোলট্রি খামারী সহ বাংলাদেশ, নেপাল, ভুটান, নাইজেরিয়া, মায়ানমার সহ অন্যান্য দেশ থেকে বেশ কিছু অতিথি এই মেলায় অংশগ্রহণ করবেন।"

Comments
Post a Comment