বীমা ক্ষেত্রের অস্তিত্ব রক্ষার প্রশ্নকে সামনে রেখে কোলকাতায় শুরু হল এ আই আই ই এ-র ২৬ তম মহাসভা

এম রাজশেখর 

কোলকাতা (৮ জানুয়ারী '২৩):- কেরালার প্রাক্তন অর্থ মন্ত্রী থমাস আইজ্যাক (Thomas Isaac, Former MIC Finance, Government of Kerala)-এর উপস্থিতিতে আজ থেকে কোলকাতার নিউটাউন (NewTown, Kolkata)-এ শুরু হল সরকার অধিগৃহীত বীমা ক্ষেত্রের সর্বপ্রাচীন ও সর্ববৃহৎ কর্মচারী সংগঠন 'অল ইণ্ডিয়া ইন্সিওরেন্স এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন' সংক্ষেপে 'এ আই আই ই এ' (All India Insurance Employees Association @ AIIEA)-এর ২৬ তম মহাসভা (26th General Conference)।

আজ অপরাহ্নে নিউটাউনের 'জ্যোতি বসু সেন্টার ফর সোস্যাল স্টাডিজ অ্যাণ্ড রিসার্চ ক্যাম্পাস'-এর 'জ্যোতি বসু নগর' (Jyoti Basu Nagar of Jyoti Basu Centre for Social Studies & Research Campus, NewTown)-এ এক পত্রকার সম্মেলনে অংশগ্রহণ করে 'এ আই আই ই এ'-র মহাসচিব শ্রীকান্ত মিশ্র (Shrikant Mishra, General Secretary, AIIEA) জানান, "এ আই আই ই এ-র আহ্বানে সরকার অধিগৃহীত বীমা ক্ষেত্রের ভবিষ্যত অস্তিত্ব তথা কর্মচারীদের সুরক্ষার প্রশ্নকে সামনে রেখে আজ থেকে কোলকাতায় শুরু হল আমাদের ২৬ তম মহাসভা। সভা চলবে ১১ জানুয়ারী পর্যন্ত।
চার দিনের এই মহাসভায় বীমা ক্ষেত্র ও জাতীয় অর্থনীতির উপর আলোচনা হওয়ার পাশাপাশি কর্মচারীদের কর্ম সুরক্ষা এবং সাধারণ নাগরিকদের জমাকৃত অর্থকে সুরক্ষিত রাখার বিষয়েও আলোচনা হবে।"
পত্রকার সম্মেলনে ভাগ নিয়ে 'এ আই আই ই এ'-র অধ্যক্ষ ভি রমেশ (V Ramesh, President, AIIEA) জানান, "শেষ বার ১৯৭৮ সালে কোলকাতায় হয়েছিল আমাদের মহাসভা। ৪৫ বছর পরে কোলকাতায় আবার আমরা মিলিত হলাম। ভারতের সমস্ত রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চল থেকে এই মহাসভায় যোগদান করতে কোলকাতায় উপস্থিত হয়েছেন আমাদের সদস্য ও সদস্যাগণ।"

বলে রাখা ভালো সরকার অধিগৃহীত বীমা সংস্থা 'ভারতীয় জীবন বীমা নিগম' (Life Insurance Corporation of India)-এর ৮৫ %-র বেশি কর্মচারী বর্তমানে 'এ আই আই ই এ'-র সদস্য।

আজ সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে সংগঠনের মহাসচিব এবং অধ্যক্ষ যখন বীমা ক্ষেত্রের অস্তিত্ব তথা কর্মচারীদের ভবিষ্যত সুরক্ষাকে প্রাধান্য দেওয়ার বিষয়কে ইঙ্গিত করেছেন, ঠিক তখন মহাসভার আপ্যায়ন সমিতির আহ্বায়ক তথা ই জেড আই ই এ-র যুগ্ম সচিব জয়ন্তকুমার মুখার্জি (Jayanta Kumar Mukherjee, Convenor Reception Committee of 26th General Conference & All India Joint Secretary of EZIEA) বলেছেন, "সরকার অধিগৃহীত বীমা সংস্থাগুলোর অস্তিত্ব টিকিয়ে রাখাটাই আমাদের সংগ্রামের অন্যতম দিক।
এল আই সি-র সম্পদ ৫ কোটি টাকা থেকে বেড়ে বর্তমানে হয়েছে ৪২ লক্ষ কোটি টাকা। এর সাথে যুক্ত আছে জনগণের আশা এবং আস্থা। বর্তমান কেন্দ্রীয় সরকারের বিবিধ নেতিবাচক আগ্রাসী মনোভাব থেকে যে কোনো মূল্যে জনগণের এই আস্থাকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে।" 

Comments