৬ জানুয়ারী থেকে কোলকাতায় শুরু হচ্ছে নাক কান গলার চিকিৎসক সংগঠনের সুবর্ণজয়ন্তী বর্ষের সম্মেলন


হীরক মুখোপাধ্যায় 

কোলকাতা (৩ জানুয়ারী '২৩):- 'অ্যাসোসিয়েশন অব অটোল্যারিঙ্গোলজিস্ট অব ইণ্ডিয়া (পশ্চিমবঙ্গ শাখা)' [Association of Otolaryngologist of India (West Bengal)]-র আয়োজন ও পরিচালনায় আগামী ৬ জানুয়ারী থেকে কোলকাতার স্বভূমি (Swabhumi, Kolkata)-তে শুরু হচ্ছে নাক কান গলার চিকিৎসকদের সংগঠনের সুবর্ণজয়ন্তী বর্ষ (50th)-র সম্মেলন (AOIWBCON_23)।

আজ 'কোলকাতা প্রেস ক্লাব'-এ এই সম্পর্কিত এক সাংবাদিক সম্মেলনে 'অ্যাসোসিয়েশন অব অটোল্যারিঙ্গোলজিস্ট অব ইণ্ডিয়া (পশ্চিমবঙ্গ শাখা)'-র সদস্য তথা সংগঠনের ৫০তম সম্মেলনের সাংগঠনিক সম্পাদক ডাঃ দ্বৈপায়ন মুখার্জী (Dr. Daipayan Mukherjee, Organising Secretary, AOIWBCON_23) জানান, "কোভিড পরবর্তী সময়ে আমাদের দেশে নাক কান গলার সমস্যা বেড়ে গেছে। এর মূলে রয়েছে দূষণ। বায়ু ও শব্দ দূষণের ফলে পরিবেশে অ্যালার্জি রাইনাইটিস (Allergy Rhinitis)-এর কারণে বর্তমানে আবালবৃদ্ধবনিতার অ্যালার্জিজনিত হাঁচি, কাশির ঝুঁকি বাড়ছে। আমাদের ৫০তম সম্মেলনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দ এই বিষয়ের উপর মত বিনিময় করবেন। সম্মেলন শেষ হবে ৮ জানুয়ারী।"

আয়োজক সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, "৫০ তম সম্মেলনে অংশগ্রহণ করার জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাত শতাধিক (৭০০) চিকিৎসক কোলকাতায় আসবেন।"

প্রসঙ্গত উল্লেখ্য, সুবর্ণজয়ন্তী সম্মেলন শুরুর আগের দিন অর্থাৎ ৫ জানুয়ারী স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় ও আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে আগত শিক্ষানবীশ নাক কান গলা (ENT)-র চিকিৎসকদের জন্য হাতে ধরে বিশেষ প্রশিক্ষণ (Hands on Cadaveric Workshop)-এর আয়োজন করা হয়েছে।

আজ সাংবাদিক সম্মেলনে উপস্থিত থেকে কোলকাতার শেরিফ (Sheriff of Kolkata) তথা স্বনামধন্য নাক কান গলা বিশেষজ্ঞ ডাঃ দুলাল বসু [Dr.Dulal Basu (ENT Specialist)] জানান, "এই মুহুর্তে পশ্চিমবঙ্গে নাক কান গলার চিকিৎসা পদ্ধতি বিশ্বের উন্নত দেশগুলোর চিকিৎসা ব্যবস্থার সাথে তাল মিলিয়ে সমানভাবে চিকিৎসা পরিষেবা দিয়ে চলেছে।"

Comments