আর্টফেয়ার ফেস্টিভ্যাল আর্ট হাট-এ নজর কাড়ছে অনুপম হালদারের স্থিরচিত্রের প্রদর্শনী


হীরক মুখোপাধ্যায় 

কোলকাতা (২ ডিসেম্বর '২২):- বিশিষ্ট চিত্রশিল্পী শুভাপ্রসন্ন ভট্টাচার্য, গণেশ হালুই এবং পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী (Snehashis Chakrabarty, MIC Dept. of Transport, Government of West Bengal)-এর উপস্থিতিতে কোলকাতার উপকণ্ঠে অবস্থিত রাজারহাট নিউটাউন-এর আর্টসএকর ফাউণ্ডেশন, মিউজিয়ম অব বেঙ্গল মর্ডান আর্ট-এর ক্যাম্পাস (Artsacre Foundation, Museum of Bengal Modern Art Campus at Rajarhat Newton)--এ আজ থেকে শুরু হল 'আর্টফেয়ার ফেস্টিভ্যাল আর্ট হাট ২০২২' (Artfair Festival Art Haat 2022)।

আয়োজক সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, "প্রদর্শনী চলবে আগামী ৫ ডিসেম্বর পর্যন্ত। রবিবার বাদে প্রতিদিন বেলা ৩ টে থেকে রাত ৮ টা পর্যন্ত প্রদর্শনী স্থল ঘুরে দেখা যাবে, রবিবার বেলা ১২ টা থেকে প্রদর্শনী স্থলে প্রবেশ করে রাত ৮ টা পর্যন্ত প্রদর্শনী ঘুরে দেখা যেতে পারে।"


প্রদর্শনী শুরুর পরেই প্রদর্শনীতে আগত এক শ্রেণীর দর্শকের নজর পড়ে প্রদর্শনীর ২৮ ও ২৯ নম্বর স্টল নিয়ে তৈরী 'অনুপম হালদার ফটোগ্রাফি কিয়স্ক' (Anupam Halder Photography Kiosk) এবং ৩৯ ও ৪০ নম্বর স্টল নিয়ে তৈরী 'ফটো কথা' (Photo Kotha) প্রদর্শনী স্থলের উপর।
দুটো জায়গাতেই রয়েছে স্থিরচিত্র-র প্রদর্শনী।

প্রসঙ্গত উল্লেখ্য, ২৮ ও ২৯ নম্বর স্টলে রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের অর্থ বিভাগের জয়েন্ট কমিশনার অনুপম হালদার-এর একক স্থিরচিত্রগুলো। আজ 'আর্ট হাট'-এর উদ্বোধন হওয়ার আগে 'অনুপম হালদার ফটোগ্রাফি কিয়স্ক' ঘুরে দেখেন পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী।  


অন্যদিকে ৩৯ ও ৪০ নম্বর স্টলে রয়েছে কয়েকজন স্বনামধন্য আলোকচিত্রীর তোলা আলোকচিত্রের সম্ভার।

বলে রাখা ভালো, বিড়লা অ্যাকাডেমির বার্ষিক প্রদর্শনী, থার্ড আই-এর একাধিক প্রদর্শনী, চারুকলা উৎসব ও মেলা এবং অ্যাকাডেমি অব ফাইন আর্টস-এর একাধিক গ্যালারিতে সফল ভাবে প্রদর্শনী করার পর অনুপম হালদারের প্রদর্শনী এবার স্থান পেল 'আর্ট হাট'-এ।

Comments