রিয়েলিটি শো-এর পোস্টার, ট্রেলার ও মিউজিক লঞ্চ হয়ে গেল কোলকাতায়

হীরক মুখোপাধ্যায়

কোলকাতা (৬ জুলাই '২২):- আজ কোলকাতায় বাংলা চলচ্চিত্রের স্বর্ণযুগের অন্যতম নায়ক তথা সদ্য প্রয়াত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়-এর শেষ পূর্ণ ছবি 'রিয়েলিটি শো'-এর পোস্টার, ট্রেলার ও মিউজিক লঞ্চ হয়ে গেল।

এফ সি পি প্রযোজিত ও বি তালুকদার পরিচালিত এই ছবি মূলতঃ সনাতন মূল্যবোধ ও বর্তমান ক্ষয়িষ্ণু মূল্যবোধের আভ্যন্তরীণ দ্বন্দ্ব তথা অবক্ষয়ের এক মর্মন্তুদ কাহিনী বিশেষ।

এই কাহিনীচিত্রে একদিকে যেমন অভিনয় করেছেন সৌমিত্র চট্টোপাধ্যায়, তেমনই অভিনয় করেছেন ঋতব্রত ভট্টাচার্য, দেবীকা মুখার্জি, কাঞ্চন মৈত্র, হাসিন জাহান-এর মতো শিল্পীরা। তেমনই কণ্ঠ দিয়েছেন অলকা ইয়াগনিক, অন্বেষা দত্তগুপ্ত, রূপঙ্কর বাগচী, অঙ্কিতা ভট্টাচার্য ও জুবিন গর্গ-এর মতো কণ্ঠশিল্পীরা।

আজ সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে এই কাহিনীচিত্রের পরিচালক বি তালুকদার জানান, "ছবিতে পাঁচটা গান আছে, তারমধ্যে একটা গেয়েছেন রূপঙ্কর বাগচী। রূপঙ্করের গানে চলচ্চিত্রে সাংবাদিক ঋতব্রত ভট্টাচার্য-কে ঠোঁট নাড়াতে দেখা যাবে।"

আজ সাংবাদিক সম্মেলনে সৌমিত্রকন্যা পৌলমী চট্টোপাধ্যায় (বসু)-এর আসার কথা থাকলেও, কিছু ব্যক্তিগত কারণের জন্য তিনি আসতে পারেননি। তিনি আসতে না পারলেও তাঁর অনুপস্থিতি ভরিয়ে দিয়েছিল তাঁরই এক ভিডিও বার্তা।



Comments